Header Ads

সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর


নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী দীপ দেবনাথ (১৬) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা–মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বন্ধু দীপের সঙ্গে বাসা থেকে বের হন তন্ময়। পরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা তাদের সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তন্ময়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.