বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
ঘটনাটি ঘটে বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে, মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত ফয়সাল বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দ্রুত এগিয়ে গিয়ে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

No comments