ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা
নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি পরে মাইজদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ পর্যন্ত জেলা স্কুল সংলগ্ন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো শোভাযাত্রা জুড়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। তারা তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তারা আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও নেতৃত্বকে সামনে রেখে ছাত্রদলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হন। পরে তা এক বিশাল শোভাযাত্রায় রূপ নেয়, যা পুরো মাইজদী শহরজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

No comments