টিসিবির পণ্য গুদামে মজুত, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর চাটখিল উপজেলায় টিসিবির পণ্য নির্ধারিত গ্রাহকদের মাঝে বিতরণ না করে গুদামজাত করার অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার পরকোট ইউনিয়নের মুন্সি রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বদলকোট ইউনিয়নের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীনের সংশ্লিষ্ট ডিলার প্রতিষ্ঠান ‘শশী এন্টারপ্রাইজ’ ও ‘রয়েল এন্টারপ্রাইজ’-এর বরাদ্দকৃত টিসিবির পণ্য গ্রাহকদের মধ্যে বিতরণ না করে গুদামে মজুত রাখা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৮০ বোতল দুই লিটার সয়াবিন তেল, চার বস্তা চিনি (প্রায় ২০০ কেজি) এবং প্রায় ২০০ কেজি ছোলা। স্থানীয়দের অভিযোগ, এসব পণ্য পরে বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।
ইউএনও মিজানুর রহমান জানান, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের জন্যও সুপারিশ করা হবে।

No comments