Header Ads

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা, স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান


বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে স্বাধীন সাংবাদিকতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে ঐক্যের আহ্বান জানান।

রোববার (৩ মে) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলার সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার, জজকোর্ট সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

উদ্বোধনী বক্তব্য দেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠু, মাসুদ পারভেজ, নাসির উদ্দিন বাদল, আকবর হোসেন সোহাগ ও নাসিম শুভ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মাওলা সুজন, রিফাত মির্জা, সাজ্জাদ হোসেন, নুর রহমান, এ আর আজাদ সোহেল, গোলাম কিবরিয়া রাহাত, মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, মো. রেজওয়ান, রোমানা ইসলাম ও নুসরাত রুমুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।

শেষে উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

No comments

Powered by Blogger.