মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর
নোয়াখালীর সুবর্ণচরে মায়ের চোখের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে সোনাপুর–চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মা বকুল আক্তারকে সঙ্গে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয় ইয়ামিন। পরে তারা পরিষ্কার বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি বেপরোয়া ড্রামট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায়। এতে ইয়ামিন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

No comments