বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
বেগমগঞ্জ উপজেলাতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ওরফে মাহিন (২৪) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১০ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়ন-এর আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাহিন নিজ বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথোপকথনে ছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় মুখোশধারী ৪–৫ জন এসে টর্চলাইট জ্বালিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। পরে হামলাকারীরা আরও একটি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা সেক্রেটারি আবদুর রহিম বলেন, “অজ্ঞাত কয়েকজন সিএনজিতে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।”
অন্যদিকে, বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

No comments