Header Ads

খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর


নোয়াখালীর হাতিয়া ও কবিরহাট উপজেলায় পৃথক ঘটনায় মাত্র দুই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এসব হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) সকাল ৯টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরলইট্রা গ্রামে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ৬ বছর বয়সী শিশু নুসরাত বেগম মরিয়ম। সে স্থানীয় বাসিন্দা মিরাজের মেয়ে।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টার দিকে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

এর আগে, রোববার ভোরে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। ওই এলাকার মো. ফরিদের ৪ বছর বয়সী ছেলে সাইমুন শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরদিন ভোরে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

অন্যদিকে, একই দিন সোমবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা নরোত্তমপুর ইউনিয়নে খেলতে গিয়ে আরও দুই শিশু—৩ বছর বয়সী নিহা ও ৫ বছর বয়সী জান্নাত—মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তের পানিতে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নিহা জোবায়েদের মেয়ে এবং জান্নাত ইউসুফের মেয়ে বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ঘটনাগুলো দুর্ঘটনাজনিত। কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ধরনের পরপর ঘটে যাওয়া শিশুমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে।

No comments

Powered by Blogger.