ওয়ারেন্টভুক্ত পলাতক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিন উদ্দীন মোহনকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-11)।
রোববার (১০ মে) দুপুরে জয়াগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চাঁদাবাজি ও মারামারির একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন। গত বছরের ১৮ মার্চ মিজানুর রহমান নামের এক ব্যক্তি সোনাইমুড়ী থানা-এ তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ঘোষণা করে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১১ তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করে।
অন্যদিকে, অভিযুক্ত মহিন উদ্দীন মোহনের পরিবার দাবি করেছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মহিন উদ্দীন মোহনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে এবং র্যাব তাকে গ্রেপ্তার করে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করেছে।

No comments