সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ওরফে জিয়ার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী দীর্ঘদিন ধরে নোয়াখালীতে সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও দ্যা ঢাকা নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন সাংবাদিক রাফী। এ সময় যুবদল নেতা জিয়া তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করেন। কথোপকথনের একপর্যায়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন আজিম গ্রুপের শ্রমিকদের বেতন বকেয়া নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রাফী।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। জিডির নম্বর-১০৬।
ভুক্তভোগী সাংবাদিক মামুন রাফী বলেন, “আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, সাংবাদিক রাফী তার ফেসবুক পোস্টে আজিম গ্রুপের মালিককে নিয়ে মন্তব্য করেছিলেন। ওই পোস্টে উল্লেখ করা হয়, বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে বিপুল অর্থ ব্যয়ের কারণে বর্তমানে শ্রমিকদের বেতন দিতে পারছেন না তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার ফোন করলেও রাফী ফোন রিসিভ করেননি। পরে ফোন রিসিভ করলে ক্ষোভের বশবর্তী হয়ে তাকে গালিগালাজ করেছেন বলে স্বীকার করেন তিনি।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, আজিম গ্রুপের শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ব্যস্ত ছিল। জিডির বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments