Header Ads

জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে নোয়াখালী জেলা ছাত্রদল। ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

শনিবার (২ মে) মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব জেলার বিভিন্ন ইউনিট পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব গড়ে তুলবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নতুন কমিটি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তিনি জানান, আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাবেন। কেন্দ্রীয় নেতৃত্ব তার ওপর যে আস্থা রেখেছে, সে জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.