স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে মো. নজরুল ইসলাম (৩৩) নামের এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড ঘোষণা করা হয়। আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্যার ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, হাজীপুর এলাকায় সম্প্রতি মাদক সেবন ও অনলাইন জুয়ার প্রবণতা বেড়ে যাওয়ার অভিযোগ স্থানীয়দের পক্ষ থেকে পাওয়া যায়। এর ভিত্তিতে ওই রাতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযান চলাকালে স্মার্টফোনে জুয়া খেলায় ব্যস্ত অবস্থায় নজরুল ইসলামকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে তাকে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “আটক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জুয়া ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানে নোয়াখালীর RAB-11 এর সিপিসি-৩ ইউনিটের একটি দল অংশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করে।

No comments