Header Ads

পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু: সুবর্ণচরে শোকের ছায়া


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুবোনের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তারা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বোন তাদের বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে অবস্থান করছিল। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায় তারা। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে প্রথমে পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে জাল ফেলে অপর বোনের মরদেহও উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, “নিহতদের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়দের মতে, শিশুদের পানিতে নামার বিষয়ে আরও সচেতনতা ও অভিভাবকদের নজরদারি বাড়ানো জরুরি, নইলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে।

No comments

Powered by Blogger.