Header Ads

বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা: বেগমগঞ্জে চাঞ্চল্য, জড়িতদের গ্রেপ্তারের দাবি


নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

নিহত মো. আবু বকর সিদ্দিক (৩৫) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নোয়াখালীতে আনা হচ্ছে। এর আগে শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে সিদ্দিক ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় বড় ভাই নিজামের খাবারের দোকানে কাজ করতেন। কিছুদিন আগে তিনি নিজ বাড়িতে বেড়াতে আসেন।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন তিনি। এ সময় ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পূর্ব পাশে পুকুরপাড় সংলগ্ন একটি মাঠে নিয়ে গিয়ে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা জানান, হামলাকারীরা সিদ্দিককে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকায় নেওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে সিদ্দিককে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “ঢাকা থেকে বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বাড়ির সিঁড়ি থেকে তাকে তুলে নিয়ে মারধর করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি বেগমগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.