Header Ads

প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান: নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩


নোয়াখালী সদর উপজেলায় প্রকাশ্যে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারে একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের শল্যাঘটাইয়া গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন শিপন (৪০), মহব্বতপুর গ্রামের মো. আতিকুর রহমান টিপু (৪০) এবং কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের মো. জামাল উদ্দিন (৬০)।

পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার আসরে উপস্থিত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবির ওসি মো. মহিউদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।”

পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে সমাজে অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়।

No comments

Powered by Blogger.