Header Ads

সড়কের পাশে বালুর স্তুপে ঝুঁকি, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু—আহত ৩


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে ফেলে রাখা বালুর স্তুপের কারণে ওই এলাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই বাড়ছিল।

শনিবার (রাত) আনুমানিক দেড়টার দিকে চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট–সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মৌলভী পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহিরের মৃত্যু হয় এবং আরও তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের একটি প্রকল্পের কাজের জন্য বালু ও পিলার সড়কের পাশে ফেলে রাখা হয়েছে, যা চলাচলে বাধা সৃষ্টি করছে। এ কারণে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, গত কয়েক বছরে একই স্থানে অন্তত ২০টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এদিকে উত্তেজিত জনতা ঘটনাস্থলে একটি বালুবাহী ট্রাক আটক করে ভাঙচুর করে। সড়কে নির্মাণসামগ্রী পড়ে থাকার বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.