Header Ads

৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ, হাতিয়ায় অভিযান



নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। স্থানীয় জলজ সম্পদ ও পরিবেশ রক্ষায় পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ২টি দোকান ও ৩টি গুদামে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ১৫৮টি চায়না দুয়ারী জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৩৯ হাজার টাকা।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুইজন জাল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা অবৈধ জালগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং নিষিদ্ধ পলিথিন মৎস্য অধিদপ্তরের মালখানায় সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.