Header Ads

বৈরী আবহাওয়ায় থমকে রেলপথ, দুর্ভোগে নোয়াখালী-ঢাকা যাত্রীরা


হঠাৎ করে আঘাত হানা বৈরী আবহাওয়ায় নোয়াখালীর রেলপথ কার্যত অচল হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।



মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। ঝড়ের তীব্রতায় একাধিক স্থানে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে, ফলে ট্রেন চলাচলে সৃষ্টি হয় বড় ধরনের প্রতিবন্ধকতা।

সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি পথে বারবার বাধার মুখে পড়ে ধীরগতিতে এগোয়। কয়েকটি স্থানে গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘসময় সেখানে আটকে থাকতে হয় যাত্রীদের। পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশে রওনা দেয়, তবে সামনে পথ পুরোপুরি নিরাপদ না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যায়।

ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, এখনও বিভিন্ন স্থানে গাছ পড়ে থাকায় স্বাভাবিক গতিতে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। নির্ধারিত সময়সূচি মেনে গন্তব্যে পৌঁছানো নিয়েও রয়েছে শঙ্কা।

অপ্রত্যাশিত এ পরিস্থিতিতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে রওনা দেন।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই গাছ অপসারণে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.