Header Ads

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর



নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলের জন্য তেল আনতে বের হয়ে আর ঘরে ফেরা হলো না দুই বন্ধুর। সড়ক দুর্ঘটনায় প্রথমে নিহত হন অন্তর, আর চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন তার বন্ধু মো. ইব্রাহীম ইমন (১৯)।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইমনের মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েত ভূঁঞা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মিন হাজীর বাড়ির রেজাউল হকের ছেলে। তিনি পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। অপরদিকে নিহত অন্তর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার-সংলগ্ন মৃধাবাড়ির একরামুল হকের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় চলমান জ্বালানি সংকটের কারণে অকটেন ও পেট্রোল পাওয়া যাচ্ছিল না। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বিকেলে অন্তর ও ইমন মোটরসাইকেলের তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তেল সংগ্রহ করে ফেরার পথে এনায়েত ভূঁঞা এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত একটি যানবাহনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় অন্তর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। আর গুরুতর আহত ইমনকে ঢাকায় পাঠানো হয়। দীর্ঘ চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও না ফেরার দেশে চলে যান।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত উল্যাহ জানান, চার ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিল সবার ছোট। পরিবারের হাল ধরতে অল্প কিছুদিনের মধ্যেই তার প্রবাসে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পুরো এলাকাই যেন ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, ঘটনাটি তার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.