Header Ads

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায়

 


নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যা মামলার রায় আজ, বুধবার ১৫ এপ্রিল ঘোষণা করা হবে। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় দেবেন।

২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ওই রাতেই পুলিশ অদিতার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

অদিতা ছিলেন লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা এবং তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবারের দাবি, গৃহশিক্ষক রনির কাছে পড়া বন্ধ করার কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকায় তিনি বাসায় ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বিষয়টি গোপন রাখতে অদিতাকে হত্যা করে এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করতে ঘর এলোমেলো করে রাখেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরে আঁচড়ের দাগ ও পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তদন্তে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। মামলায় বাদীপক্ষের ৪১ জন ও আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায়ের তারিখ নির্ধারণ করেন।

এই হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।

No comments

Powered by Blogger.