ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ইমতিয়াজ ভূঁইয়া নামে ওই ব্যবসায়ী খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে রাখা ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা তেল পরে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরও বলেন, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments