Header Ads

গ্রাহকের টাকা আত্মসাতে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের জেল


নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে রুপালী ব্যাংক পিএলসি’র সাবেক এক ব্যবস্থাপককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কর্মকর্তার নাম মো. বেলায়েত হোসেন

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।

বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

কীভাবে টাকা আত্মসাত হয়েছিল

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বেলায়েত সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক ছিলেন। এই সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন হিসাব থেকে মোট ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তর করেন। দুদকের প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হয়।

ঘটনার তদন্ত শেষে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন

রায়ের বিস্তারিত

দুদকের আইনজীবী জহির উদ্দিন জানান, ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের জন্য আদালত তিন ধারায় বেলায়েতকে মোট ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানাও করা হয়েছে।

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

No comments

Powered by Blogger.