Header Ads

তালাকের জেরে হত্যা, শেষ পর্যন্ত গ্রেপ্তার


ঢাকার দোহার থানার আলোচিত মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেন (৩৫)–কে অবশেষে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, সৌদি আরবে কর্মরত অবস্থায় মলি আক্তারের সঙ্গে পরিচয় হয় ইসমাইলের। প্রায় সাত বছর আগে তারা বিয়ে করেন, তাদের পাঁচ বছরের এক কন্যাও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে নির্যাতনের অভিযোগে এক বছর আগে মলি তাকে তালাক দিয়ে কুয়েতে চলে যান।

সম্প্রতি দেশে ফিরলেও ইসমাইলের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছিলেন তিনি। ১৪ মার্চ ভোরে একটি ফোনকল পেয়ে মলি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মলির বাবা দোহার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাবের গোয়েন্দা দল ইসমাইলকে ধরতে নজরদারি চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল নিজের পরিচয় নিশ্চিত করেছে এবং মামলার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments

Powered by Blogger.