অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর এলাকায় অবস্থিত “মালেক ব্রিকস” নামে দুটি ইটভাটা যথাযথ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুইটি মামলায় প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে ইউএনও হোমায়রা ইসলাম জানান, জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments