মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান: পুলিশ আসতেই পালাল যুবক, জব্দ সরঞ্জাম
নোয়াখালীর মাইজদী শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইক ব্যবহার করে স্লোগান দেওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মো. আলো (৩৩) নামে এক যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজি অটোরিকশায় দুটি মাইক স্থাপন করে সেখানে উপস্থিত হন দত্তেরহাট এলাকার বাসিন্দা মো. আলো। এরপর তিনি মাইক্রোফোনে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি টের পেয়ে দ্রুত সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যান ওই যুবক।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, স্লোগান দেওয়া যুবকের নাম মো. আলো এবং তার মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments