ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে খাল পরিষ্কার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নঈম উদ্দিন খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল, ড্রেন ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা হলে মশার বংশবিস্তার কমে যাবে, ফলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সকল নাগরিককে সচেতন হয়ে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নিয়মিত খাল পরিষ্কার ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব জাকির হোসেন, সুপারভাইজার বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

No comments