প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, নোয়াখালীতে র্যাবের অভিযানে গ্রেপ্তার ১
প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে গোপনে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মো. রাকিব (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২২ এপ্রিল) সকালে র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে নোয়াখালীর রামগঞ্জ উপজেলার পূর্ব বাজার এলাকার পোস্ট অফিস সংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রাকিব নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর বড় কান্দাজ বাড়ির জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, রাকিব ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করার সময় এক গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয়। কাজের সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
পরে সুযোগ বুঝে গোপনে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করে এবং সেটি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এক পর্যায়ে সে ওই নারীর প্রবাসী স্বামীর কাছে ভিডিও পাঠিয়ে বিষয়টি জানিয়ে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা আদায় করে। এছাড়া আরও ২ লাখ টাকা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় সে।
র্যাব আরও জানায়, ভুক্তভোগীর পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করার পর র্যাব-১১ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments