দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ীর মাথায় গুলি করে হত্যা, টার্গেট কিলিংয়ের শিকার নোয়াখালীর প্রবাসী
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে নোয়াখালীর এক প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ‘টার্গেট কিলিং’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
নিহত ব্যবসায়ীর নাম আবু নাছের শামীম (৫০)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে (স্থানীয় সময়) জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার গনু সারেং বাড়ির মৃত আবদুর রশিদ মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
পরিবারের সূত্রে জানা যায়, শামীম ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। পরবর্তীতে চার বছর আগে দেশে ফিরে আবার সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার একাধিক (৪-৫টি) ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে পারিবারিক ও ব্যবসায়িক অংশীদারের সঙ্গে তার বাবার বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য আরও বাড়ে। বড় আকারের ওই দোকানটি বিক্রি করা নিয়ে ক্রেতা পাওয়া যাচ্ছিল না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে তার বাবা দোকানে বুলেটপ্রুফ গ্লাস স্থাপন করেন এবং ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও নিয়োগ দেন। ঘটনার দিন বিকেলে তিনি দোকানের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে একের পর এক ৬–৭ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

No comments