সেনবাগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২, আহত ১
নোয়াখালীর সেনবাগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল।
নিহতরা হলেন—পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশাল জেলার বাসিন্দা নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন আল আমিন। শুক্রবার ভোরে ট্রাকে করে চারা নিয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ট্রাকচালক আল আমিন ও যাত্রী ফয়সাল। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনই মারা যান।
দুর্ঘটনায় ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments