চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার, মোবাইল ও ইয়াবাসহ আটক যুবক
নোয়াখালীর সদর উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। পরে তাকে মোবাইল ফোন ও ৯৬ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের শুক্কুরপুর গ্রামের আবুল হাসেম মিয়ার বাড়িতে মোবাইল চুরি করতে গেলে স্থানীয় বাসিন্দা ও নির্মাণশ্রমিকরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবকের নাম মো. কালাম (২৫), তার বাড়ি দত্তেরহাট এলাকায়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের দাবি, ওই বাড়িসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ও টাকা চুরির ঘটনা ঘটছিল।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

No comments