নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ — নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর ঘাট এলাকায় গোপনে মজুদ করে রাখা প্রায় ২৭০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার একটি ঘাটে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তি মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের বাসিন্দা এবং মজল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে কালামচর সুইচ ঘাট সংলগ্ন ‘মা-বাবার দোয়া বরফ কল’ এলাকার পাশ থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত প্রায় ২৭০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা ছিল। এ অভিযোগে ঘটনাস্থল থেকেই মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

No comments