সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, আহত ২
নিহত প্রবাসীর নাম নুর করিম ফরহাদ (৪৫)। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবাটা গ্রামের চান্দু সওদাগর বাড়ির চান মিয়ার ছেলে।
সোমবার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. জুলেয়ল (২৮) এবং মো. হোসেন (৩২)। তারা দু’জনই একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান ফরহাদ। সম্প্রতি তিনি নুর হোসেন নামে এক যুবককে সেখানে নিয়ে আসেন। শনিবার রাতে ওই যুবককে বিমানবন্দরে পৌঁছে দিতে যাওয়ার পথে নাজরান এলাকায় তাদের গাড়ির সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর করিম ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।
এদিকে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার মঞ্জু জানান, প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

No comments