Header Ads

হত্যা মামলার আসামি হয়েও কারাগারে বসে এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন


নোয়াখালীর এক কিশোর হত্যা মামলার আসামি হয়েও কারাগারের ভেতরে বসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। মাহবুব এলাহী রাজিন (১৫) নামে ওই শিক্ষার্থী বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার এসএসসি পরীক্ষা শুরু হয়।

রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে প্রথমে গাজীপুর কিশোর সংশোধনাগারে রাখা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরবর্তীতে রাজিনের আবেদনের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে কারাগারের ভেতরে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

তার নির্ধারিত কেন্দ্র ছিল নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তাজনিত কারণে পরীক্ষা কারাগারের ভেতরেই নেওয়া হচ্ছে, যা জিলা স্কুল কেন্দ্রের অধীনে পরিচালিত হচ্ছে।

নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, রাজিন গাজীপুর কিশোর সংশোধনাগারে ছিল এবং শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে নোয়াখালীতে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগার থেকেই নেওয়া হবে।

এদিকে নোয়াখালী জেলায় এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিল পরীক্ষার্থী ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ৭২৩ জন।

No comments

Powered by Blogger.