১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ নোয়াখালীতে আটক ৪, জব্দ ভাউচার গাড়ি
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেলসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তারা সকলেই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম ওসি মো. মহিনউদ্দিনের তত্ত্বাবধানে এবং এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে খলিফার হাট এলাকায় অবস্থানকালে তথ্য পায়—চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অবস্থিত একটি অয়েল স্টোরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। পরে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments