বিতর্কিত মন্তব্যে ক্ষোভ: হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বক্তব্যটিতে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্য তুলে ধরে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বয়স, পেশা ও শ্রেণির মানুষ অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং এমপি হান্নান মাসউদের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এমন বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক।
সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, সংসদে প্রদত্ত বক্তব্যের জন্য এমপি আব্দুল হান্নান মাসউদকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন ও রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক।
কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

No comments