স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, শিশুর ধর্ষণ চেষ্টার ঘটনায় যুবকের ৭ বছরের কারাদণ্ড
নোয়াখালীর পৃথক দুই মামলায় আদালত দুইজনকে দণ্ড দিয়েছে। একজন স্বামীকে স্ত্রীর হত্যা মামলায় জাবজ্জীবন, এবং অপর এক যুবককে শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ার দায়ী ছিলেন। তিনি ভোরে নামাজরত অবস্থায় স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। নিহতের বাবা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলায় নিহতের ছেলে সাক্ষ্য প্রদান করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
অপরদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ২০২০ সালের মার্চে সংঘটিত ১০ বছর বয়সী এক শিশুর ধর্ষণ চেষ্টার ঘটনায় মো. বরকত উল্লাহ নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করেছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন, যা সমাজে অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।”

No comments