হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘মফুইল্ল্যা’ গ্রেপ্তার, উদ্ধার একাধিক অস্ত্র
নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা (৪১) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, একই দিন ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মহিবুল্লাহ হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মহিবুল্লাহ তার এলাকায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মহিবুল্লাহকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃত মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্বসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

No comments