সদরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত, চালক পলাতক
নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নাজমা বেগম (৪০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর এলাকায় কবিরহাট-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা বেগম অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা মো. বাচ্চুর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন। কয়েক দিন আগে স্বামীর সঙ্গে নিজ গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয়রা জানান, ঘটনার রাতে নাজমা বেগম শ্বশুরবাড়ি থেকে নিকটবর্তী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় অলিপুর এলাকায় কবিরহাট-সোনাপুর সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য জানান, এ ঘটনায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে পুলিশকে অবহিত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, সড়কটিতে বেপরোয়া গতিতে যান চলাচল দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

No comments