Header Ads

পরীক্ষার হলে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী, রক্তাক্ত অবস্থাতেই শেষ করল এসএসসি পরীক্ষা


নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার সময় একটি কক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছে এক পরীক্ষার্থী। মাথায় আঘাত ও রক্তপাতের পরও সাহসিকতার সঙ্গে পুরো পরীক্ষা শেষ করেছে সে।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর হঠাৎ করে ঘূর্ণায়মান একটি সিলিং ফ্যান খুলে পরীক্ষার্থী মো. নিয়ামুল হাসানের মাথার ওপর পড়ে। ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে যায়, এতে হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দা জাফরুল হুসাইনের ছেলে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের নির্দেশে একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা নেওয়ার পর নিয়ামুল পুনরায় পরীক্ষায় অংশ নেয় এবং উত্তরপত্র সম্পন্ন করে। আঘাত ও চিকিৎসাজনিত কারণে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষের অবকাঠামো পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও বৈদ্যুতিক সরঞ্জামের সংস্কারের দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার পর আবার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

No comments

Powered by Blogger.