Header Ads

গাঁজাসহ হাতেনাতে আটক ৪ মাদকসেবী: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড


নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ হাতেনাতে আটক চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— টুমচর এলাকার ফজক হক পণ্ডিত বাড়ির মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জাকির (৪০), ইজ্জতপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির মো. কামালের ছেলে মোহাম্মদ ফরহাদ (২০), মহব্বতপুর গ্রামের আব্দুল মালেকের বাড়ির মো. বাবুলের ছেলে মোহাম্মদ শরীফ (২২) এবং বাংলাবাজার এলাকার রেজাউল করিমের বাড়ির মো. ওমর ফারুক (৩০)।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সোনাপুর এলাকা থেকে ওই চারজনকে ১ কেজি লুজ গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার, আনিছুর রহমান এবং মো. শাহাদত হোসেন। আদালত দণ্ডবিধি অনুযায়ী প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

No comments

Powered by Blogger.