Header Ads

সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক


সৌদি আরব থেকে দেশে ফেরার পর নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে তিনি বিদেশ থেকে দেশে পৌঁছালে বিমানবন্দরেই তাকে আটক করা হয়। স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ স্বপনকে আটকের বিষয়টি থানায় অবহিত করে। তাকে আনতে চাটখিল থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। পরে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান এবং সেখানে দীর্ঘদিন অবস্থান করেন। দেশে ফেরার পরই বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

এসআই শফিউল ইসলাম আরও জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানার পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে। বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

No comments

Powered by Blogger.