Header Ads

বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ, মুক্তিপণ দাবি


নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রায় ২২০০ লিটার ডিজেল লুটের গুরুতর অভিযোগ উঠেছে। লুট হওয়া জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে পরিচিত চৌধুরী মেম্বারের ছেলে।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝির অভিযোগ অনুযায়ী, সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তাদের পাঁচটি ট্রলার চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুরের রামগতিতে সরিয়ে নেওয়া হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়েছিল।

তিনি জানান, গভীর রাতে তেলবোঝাই পিকআপটি আন্ডারচরের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম উদ্দিন ও তার সহযোগীরা সেটি আটকায়। পরে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে পিকআপসহ ডিজেল লুট করে নিয়ে যায়। পরদিন সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন বর্তমানে ১ লাখ টাকা দাবি করছেন এবং সেই টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

তবে অভিযুক্ত নিজাম উদ্দিন চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী জানেন, কিন্তু তাদের নাম প্রকাশ করছেন না।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তিনি নিজেই তেল উদ্ধারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.