বসতবাড়িতে লুকিয়ে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার, গ্রেপ্তার ৩
নোয়াখালীর সদর উপজেলায় একটি বসতবাড়িতে অবৈধভাবে মজুদ করে রাখা ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তেল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার হাজী আসমত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষীনারায়ণপুর এলাকার মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬) এবং মধুসুদনপুর এলাকার মো. মঞ্জুর আলম (৫৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি বসতভিটায় অবৈধভাবে পেট্রোল মজুদের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি। অভিযানের সময় ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত পেট্রোল ও পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments