Header Ads

মাদক দ্বন্দ্বে তরুণ খুন, ৮ জন গ্রেপ্তার


নোয়াখালীর সদর উপজেলায় মাদকসংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি রোববার দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাবার বাড়ির সামনে ঘটে। পরে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়।

নিহত নিরব ওই এলাকার আব্দুল গনির ছেলে এবং পেশায় স'মিল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিরব কিছুদিন আগে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সঙ্গে মাদক সংক্রান্ত বিরোধে জড়ায়। রোববার সকালে নিরব তার তিন সহযোগীকে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালায়। এই ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩–৪ জন অনুসারী আহত হন।

পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবকে ধাওয়া করে রুবেল মাঝির লোকজন আটক করে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, নিহতের পিতা মো. জহির ওরফে আব্দুল গনি রাতে ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে ২ জনকে গ্রেপ্তার করে এবং পরে রোববার দিবাগত রাতে আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রাম থেকে আরও ৬ জনকে গ্রেপ্তার করে।

No comments

Powered by Blogger.