নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজ থাকার দুইদিন পর রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (১৪ মার্চ) সকাল প্রায় পৌনে ১১টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

No comments