Header Ads

সোনাইমুড়ীতে নৃশংস হত্যাকাণ্ডের ১০ বছর: বিচার না পেয়ে ক্ষোভ, মামলা প্রত্যাহারের অভিযোগ


নোয়াখালীর সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার এক দশক পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও সংগঠনটির নেতারা। একই সঙ্গে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের অভিযোগ তুলে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার শহীদি জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ পোরকরা গ্রামে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং দুই সদস্যকে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটে। তার দাবি, গুজব ও উসকানির মাধ্যমে একটি উগ্রবাদী গোষ্ঠী স্থানীয়দের সংঘবদ্ধ করে এ হামলা চালায়।

তিনি জানান, হামলার সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং মোটরসাইকেল, ধান ও গবাদিপশুসহ বিভিন্ন সম্পদ লুট করা হয়। ওইদিন মসজিদ নির্মাণকাজে আসা দুই সদস্য—রুবেল ও সোলায়মান খোকন—নৃশংসভাবে হত্যার শিকার হন।

তার অভিযোগ, ঘটনার দীর্ঘ সময় পর মামলা হলেও অধিকাংশ আসামি গ্রেপ্তার হয়নি এবং ভুক্তভোগী পরিবার এখনো হুমকির মুখে রয়েছে।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই ঘটনার একাধিক মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবে।

বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান।

সংবাদ সম্মেলনে পুনরায় হামলার আশঙ্কাও প্রকাশ করা হয়। অভিযোগ করা হয়, একটি গোষ্ঠী এখনও এলাকায় উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।

এ সময় নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.