কাভার্ড ভ্যানের চাপায় মাদরাসা ছাত্র নিহত, চালক আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকালে সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট–দুধমুখা সড়কের মীরের ফোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে। তিনি ফেনীর একটি কওমি মাদরাসায় অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গনি তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে মাদরাসায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments