Header Ads

ইউএনওকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, নোয়াখালীতে তোলপাড়

নোয়াখালীর হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে জড়িয়ে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ২৯ সেকেন্ডের ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ইউএনও। তার অভিযোগ, পূর্বের কর্মস্থলের বিরোধের জেরে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর সোমবার সকালে ইউএনও স্বল্প সময়ের জন্য কর্মস্থলে এসে দ্রুত জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি ফোনে সাড়া দিচ্ছেন না। উপজেলা কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, তারা সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখেছেন, তবে এতে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিত নয়। কিছু মহলে এটিকে ‘হানিট্র্যাপ’ বলেও ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইউএনওর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এক গণমাধ্যমকর্মীকে তিনি জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার। তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। পাশাপাশি ইউএনও সোমবার সকালে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলেও নিশ্চিত করেন তিনি।

No comments

Powered by Blogger.