অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় অভিযুক্ত চালক মো. নাজমুলকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নাজমুল বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত তন্ময় কুরী চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments