মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর
নোয়াখালীর উপকূলীয় অঞ্চল মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙন, প্লাবন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বসবাস করছে।
রোববার (১৭ মে) নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকার জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন সমস্যার প্রতি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দাবি ও প্রয়োজনের বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই বিভিন্ন এলাকায় জনগণের স্বার্থে কাজ শুরু হয়েছে। মেঘনা নদীর ভাঙনে বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি চোখের সামনে একটি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখেছেন বলেও জানান তিনি।
এ সময় তিনি ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার আশ্বাস দেন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে উপকূলের মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদ মন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।

No comments